ধামরাইয়ে গুজবের বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সমন্বিত প্রচারণা

ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ এবং ধামরাই থানা পুলিশ গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এবং আইন নিজের হাতে তুলে নিয়ে নিরীহ মানুষের মৃত্যুর কারণ না হবার বিষয়ে প্রচারণা সমৃদ্ধ লিফলেট বিতরণমূলক যৌথ কর্মসূচী পালন করছে। বুধবার (২৪ জুলাই) ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন প্রদক্ষিণ করে মাইকিং এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে গুজবে বিভ্রান্ত না হবার আহবান জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, যুবলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা ছাত্রলীগ এর ১নং যুগ্ম-আহবায়ক মোঃ রবিউল আওয়াল রুবেল সহ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে এমন গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এটি সম্পূর্ণভাবে একটি গুজব। এজন্য ধামরাইবাসীকে এধরণের কোনোপ্রকার গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করা হলো।

তিনি আরও জানান, এ পর্যন্ত যতগুলি গণপিটুনির ঘটনা ঘটেছে, পুলিশ তাতে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছে। এধরণের গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করা দেশবিরোধী কাজের শামিল উল্লেখ করে দীপক চন্দ্র সাহা বলেন, প্রকৃতপক্ষে ছেলেধরা বা কল্লা কাটা বাহিনীর কোনো অস্তিত্ব দেশের কোথাও পাওয়া যায় নাই। এজন্য গুজবে কান দিয়ে আইন নিজের হাতে নিলে আইনত দন্ডনীয় অপরাধ করা হবে।

ধামরাই উপজেলা ছাত্রলীগ এর ১নং যুগ্ম-আহবায়ক মোঃ রবিউল আওয়াল রুবেল বলেন, গুজবে বিভ্রান্ত হবেন না। কিছু মানুষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুতে মানুষের রক্ত ও মাথা লাগবে এরকম বিভ্রান্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। পদ্মা সেতু দেশের সর্ব বৃহৎ উন্নয়ন প্রকল্প। এই উন্নয়নকে ব্যহত করার জন্য এধরণের গুজবের মাধ্যমে দেশবাসীকে আতংকগ্রস্ত করে তোলা হচ্ছে যা একটি গুরুতর দেশদ্রোহীমূলক অপরাধ।

এই ছাত্রলীগ নেতা আরও জানান, অনেকে না বুঝে এসব গুজব নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অপরাধের অংশীদার হচ্ছেন। এগুলি যারা ছড়াচ্ছে, পুলিশের সাইবার গোয়েন্দা টিম ইতোমধ্যে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করেছেন। তাই এব্যাপারে কাউকে সন্দেহ হলে ৯৯৯ এ কল করুন কিংবা নিকটস্থ থানা কিংবা পুলিশ ফাঁড়িতে খবর দিন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবে। কিন্তু দয়া করে নিজেরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে ফৌজদারি অপরাধ করবেন না।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর