শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি রোভার্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী পাশের ঔষধি গাছ অশোক চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ক্যাম্পাসে রোপণ করা হবে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রুহুল আমিন, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান আকন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এগ্রি রোভার্সের সদস্যরা।
এসময় উপাচার্য বলেন, আমরা ক্যাম্পাসে বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের সম্বনয়ে দেশের দ্বিতীয় বলধা গার্ডেন তৈরি করবো। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণারও সুযোগ থাকবে। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষে ল্যান্ডস্কেপিংয়ের জন্য ৫০ লাখ টাকা বাজেটও করা হয়েছে।
বার্তাবাজার/এসআর