সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদীতে শিক্ষক সমিতির প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল’ এবং ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’ এর দাবিতে অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা। জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি আলতাফ হোসেন নাজিরের সভাপতিত্বে বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ প্রতীকী অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা হারুনুর রশিদ, জেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলধর দাস, জেলা শাখার অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, শিক্ষক নেতা মোখলেছুর রহমান, পুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক, শিক্ষক নেতা মিঠুন সাহা, দীপক কুমার দাস প্রমুখ।
বার্তাবাজার/এসআর