দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না এটা স্রেফ গুজব: বিদ্যুৎ সচিব

বেশ কয়েকদিন ধরেই সারা দেশে গুজব ছড়িছে যে, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা প্রয়োজন। আর সে গুজব থেকেই প্রতিদিন ঘটে চলেছে অপ্রীতিকর ঘটনা। এতে বেশ কয়েকজন নিরীহ মানুষকে প্রাণও দিতে হয়েছে।সেই গুজব আরো প্রকোপ আকার ধারণ করার পর আবার নতুন গুজবের সৃষ্টি হয়েছে যে- আগামী তিনদিন সারা দেশে কোনো ধরনের বিদ্যুৎ থাকবে না। আর সেই সুযোগে পদ্মা সেতুর চাহিদা মত মানুষের মাথা কাটবে ছেলেধরারা!

দেশব্যাপী লম্বা সময় বিদ্যুৎ থাকবে না এবং সেই সময়ের মধ্যে মাথা কেটে নেবে, এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে জনগণকে সচেতন হওয়ার কথা বলতে গিয়ে এই গুজবের প্রসঙ্গ তোলেন তিনি।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের উৎপাদিত ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ এবং সরকারের সংস্থাগুলোর সাথে ২২ বছরের চুক্তি সই অনুষ্ঠানে সচিব এ কথা বলেন।

বাংলাদেশের ইউনিক পাওয়ার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক(২)-এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে এই ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

ইতোমধ্যে নানা রূপে ছড়িয়ে পড়া ‘কাটা মাথা গুজব’ নিয়ে জনগণকে সচেতন করতে সরকারের নানা অংশ থেকে বক্তব্য ও বিবৃতি দেয়া হচ্ছে। এমনকি পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামও এসব গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে লিখিত বিবৃতি প্রকাশ করেন।

বুধবার সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে কোনো মহল ষড়যন্ত্র বা চক্রান্ত করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। গুজবের ফলে মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর