দেশে চলমান গুজবে বিভ্রান্ত হয়ে গণপিটুনির শিকার নিরীহ মানুষের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে আইন নিজের হাতে না নেবার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, পিপিএম। বুধবার (২৪ জুলাই) বার্তাবাজার এর কাছে এক সাক্ষাৎকার প্রদানের সময় জনসাধারণের নিকট এই আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে কাউকে বিনা অপরাধে গণপিটুনি দেয়া আইনত দন্ডনীয় অপরাধ। আপনি যাকে পিটিয়ে মেরে ফেলছেন, হতে পারে সে কারও সন্তান, স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আপনার সামান্য সময়ের পৈশাচিকতা ও নারকীয় তান্ডবে একটি পরিবার তচনচ হয়ে যাবে, তাদের সারা জীবনের কান্নার কারণ হয়ে ঘৃণার পাত্র হয়ে থাকবেন আপনি।
এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বাড্ডার গৃহবধু রেনুর শিশু কন্যা তুবার কথা উল্লেখ করে জানান এই শিশুটির অনিশ্চিত ভবিষ্যৎ এর জন্য কিছু মানুষের খামখেয়ালীপনা এবং হিংস্রতা দায়ী।
এসময় তিনি জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তাই ছেলেধরা সন্দেহে কাউকে প্রহার না করে ৯৯৯ এ কল করুন কিংবা পুলিশে খবর দিন।
প্রসঙ্গত, ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে একটি গুজব ছড়ানোকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার (২০ জুলাই) সাভারের তেঁতুলঝোড়ায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাত এক নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বার্তাবাজার/কে.জে.পি