আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে একের পর এক মৃত পাখি। এমন দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন সবাই। প্রথমে কেউ বুঝতে পারেননি যে, কি পড়ছে এভাবে। মাটিতে পাখিগুলো আছড়ে পড়ার পরই বোঝা গেল সেগুলো সব মরা পাখি।
অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে অ্যাডিলেডের একটি খেলার মাঠে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই খেলার মাঠে হুড়মুড় করে মৃত পাখিগুলি ঝরে পড়তে দেখে চমকে গিয়েছিল এলাকাবাসী। তারা জানিয়েছেন, পাখিগুলি সবই লম্বা ঠোঁটওলা এবং সাদা ও গোলাপি পালকে মেশানো করেলা পাখি। এই ঘটনায় ৬০টিরও বেশি পাখি মারা যায়। কয়েকটি পাখি মরা অবস্থাতেই মাটিতে আছড়ে পড়েছিল। আবার কয়েকটি পাখি মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে কিছুক্ষণ, তারপর মারা যায়।
খবর পেয়ে পুলিশ এবং বন দফতরের লোকেরা গিয়ে পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে গেছে। প্রাথমিক তদন্তে পশু চিকিৎসকরা মনে করছেন, পাখি মারতে যে ধরনের বিষ ব্যবহার করে করা হয় সে ধরনের বিষক্রিয়ায় পাখিগুলোর মৃত্যু হয়েছে। ওই বিষ ধীরে ধীরে শরীরে কাজ করেছে। ফলে প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। মৃত পাখিগুলোর মরদেহে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অস্ট্রেলিয়ার শহর এবং গ্রাম সব জায়গাতেই সাধারণত এই করেলা পাখি পাওয়া যায়। বেশ শক্তিশালী এই পাখি বাড়ি, কাঠের জিনিসপত্র, বিদ্যুতের লাইন ঠোঁট দিয়ে আঁচড়ে নষ্ট করে দিতে পারে। তাছাড়া ফসলেরও ক্ষতি করে। ফলে পুলিশের ধারণা, ফসল বাঁচাতেই পাখিগুলোকে কেউ বিষ দিয়েছিল।