ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৬ মাসব্যাপী আন্তঃবিভাগ ব্যাডমিন্টন, টেবিল টেনিস প্রতিযোগিতার ২০১৮-১৯’র পুরস্কার বিতরণী জিমনেশিয়াম এ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ “মুজিববর্ষ” উদযাপন করা হবে। তিনি বলেন, এ উপলক্ষ্যে আমাদের আয়োজন ছাড়াও বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে ফুটবল ও বাস্কেট বলের ভেন্যু হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে। ড. রাশিদ আসকারী বলেন, আজ ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে নানা ভাবে নিজেকে বিকশিত করে চলেছে। তিনি বলেন, আমাদের গবেষণা, লেখাপড়া, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় যত সাফল্য আছে তার মধ্যে সেরা সাফল্য নিয়ে এনেছে আমাদের খেলোয়াড়রা। তাই খেলোয়াড়দের নিয়ে আমরা গর্বিত। ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এখন শুধু সাফল্যেরই গর্ব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন প্রতিদিন, প্রতিমাসে, প্রতিবছর নতুন নতুন চমক দেখাচ্ছে। সারা বিশ্বের বিস্ময় আমাদের সোনার বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করছে। তারই ধারাবাহিকতা অব্যহত রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আসনু আমরা প্রান্তিক জনপদের এই বিশ্ববিদ্যালয়টিকে এক অসামান্য উচ্চতায় নিয়ে যায়। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের একটি সুন্দর পরিবেশ দাও, আমরা তোমাদেরকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় উপহার দিব।
সভাপতির বক্তৃতায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, খেলাতে জয়-পরাজয় বড় কথা নয়। আমরা প্রতিটি দলের চমৎকার খেলা উপভোগ করেছি। প্রতিটি খেলোয়াড়ের ক্রীড়া নৈপূণ্য অত্যন্ত প্রসংশনীয়। তিনি বলেন, সার্বিক দিকদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আজ আন্তর্জাতীকরণের পথে দাঁড়িয়ে গেছে।
শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। আলোচনা শেষে অতিথিবৃন্দ আন্তঃবিভাগ ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য এ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার-আপ হয়েছে মার্কেটিং বিভাগ। ব্যাডমিন্টন (ছাত্র) যৌথ চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। টেবিল টেনিস (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার-আপ হয়েছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। টেবিল টেনিস (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার আপ হয়েছে আইন বিভাগ। এছাড়া বাস্কেটবল চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এবং রানার আপ হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
বার্তাবাজার/এসআর