স্বপ্নের ক্লাব বার্সেলোনায় শুরুটা সুখকর হলো না ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানের। অভিষেক ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে তাকে। আজ মঙ্গলবার জাপানে প্রাক-মৌসুম ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই ম্যাচে চেলসির গোলমুখে ভীতি ছড়াতে পারেননি কয়দিন আগে আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই ফরাসি ফরোয়ার্ড।
এ বছর রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসও হার দিয়ে প্রাক মৌসুম শুরু করেছিল। জাপানের সাইতামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে বার্সা ডিফেন্ডার সার্জিও বুসকেটসের ভুলে এগিয়ে যায় চেলসি।বুসকেটসের কাছ থেকে বল কেড়ে সতীর্থ স্ট্রাইকার ট্যামি আব্রাহামকে পাস দেন জর্জিনহো। বল জালে জড়াতে ভুল করেননি এই ইংলিশ স্ট্রাইকার।
১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে চেলসি। এই অর্ধে বেশ ভালো খেললেও ২০ মিনিটের মাথায় চেলসি মিডফিল্ডার জর্জিনহোর কড়া ট্যাকলের শিকার হন গ্রিজমান। দ্বিতীয়ার্ধে ৮১তম মিনিটে রস বার্কলির গোলে জয়ের ব্যবধান দ্বিগুণ করে ফেলে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে গোলের দেখা পাচ্ছিল না মেসি-সুয়ারেস বিহীন বার্সেলোনা।
শেষ পর্যন্ত যোগ করা সময়ে ইভান রাকিতিচ একটি গোল করে দলকে সান্ত্বনা পুরস্কার এনে দেন। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। আগামী শনিবার সাবেক বার্সা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার বর্তমান ক্লাব ভিসেল কোবের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা।
বার্তা বাজার/কেএ