মা হত্যার বিচার চেয়ে রাজপথে অবুঝ শিশু

প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত মা তাসলিমা বেগম রেনু হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে দাঁড়িয়েছে নিহতের চার বছরের অবুঝ শিশু তাসনিম তুবা। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত লক্ষ্মীপুরে রায়পুর পৌর শহরে রেনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় সর্বস্তরের জনতা। এসময় সর্বস্তরের মানুষের সঙ্গে মা হত্যার বিচার চেয়ে অবুঝ শিশু তুবাও রাজপথে দাঁড়ায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মারুফ বির জাকারিয়া, পৌর যুবলীগ নেতা হোসেন সরর্দার, তানভীর কামাল, স্বেচ্ছাসেবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ছেলে ধরা গুজবেই তাসলিমা বেগম রেনুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাসলিমা বেগম রেনু ছিল একজন ভালো প্রকৃতির মানুষ। কিন্তু তাকে আজ এইভাবে পিটিয়ে হত্যা করা হবে,এটা কোন সভ্য সমাজে হতে পারেনা। এ হত্যাকারীদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান তারা। এসময় পরিবারের লোকজন গুজব ছড়িয়ে মানুষ হত্যার বিচারের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই শনিবার সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে প্রকাশে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে গুজবেই লোকজন জড়ো হয়ে ছেলেধরা বলে পিটুনি দিলে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে রেনুর বাড়ি। তুবা এখন খালাদের সঙ্গে রয়েছে। রোববার রাতে রেনুর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর