ঢাকার সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজ থেকে তুরাগ নদীতে নিমজ্জিত ট্যাক্সিক্যাবটির সন্ধান পেতে নৌবাহিনীর স্ক্যানার মেশিন ব্যবহারের ভিতর দিয়ে শেষ চেষ্টা হিসেবে উদ্ধার কাজ শুরু হয়েছে। গত শনিবার ব্রীজ থেকে তুরাগ নদীতে পড়ে যাবার পর প্রায় দুইদিন হলেও এর নিখোঁজ চালক ও ট্যাক্সিক্যাবের হদিস মেলেলি। যদিও ঘটনার পর থেকে উদ্ধার অভিযানে নেমে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ নৌবাহিনীর ডুবুরি দল।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর থেকে নৌবাহিনীর লেফটেন্যান্ট সিরাজুস সালেকিনের নেতৃত্বে সাইট টোনার স্ক্যানার মেশিন (পানির তলদেশে দেখার মতো) দিয়ে তুরাগ নদের প্রায় ১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে স্ক্যান করা হচ্ছে। ইতিমধ্যে নৌবাহিনীর ডুবুরিসহ ১৭ সদস্য কাজ করছেন বলে জানালেন নৌবাহিনীর চীফ পেটি অফিসার ডুবুরি কবির হোসেন।
তিনি জানান, আজ (মঙ্গলবার) দুপুর ২ টা থেকে নিখোঁজ ট্যাক্সিক্যাব ও চালকের সন্ধানে সাইট স্ক্যানার টোনার মেশিন ব্যবহার করা হচ্ছে। একাজে নৌবাহিনীর ১৭ দলের প্রতিনিধির মধ্যে ১৩ জন ডুবুরি অভিযানে অংশ নিয়েছেন।
গণমাধ্যমকে তিনি আরও জানান, নদীর তলদেশে এজাতীয় কোনো কিছু দেখা যাবে, ওই জায়গা চিহ্নিত করে সেখানে ডুবুরি নামানো হবে। আপতত এক বর্গ কিলোমিটার জুড়ে কাজ করা হচ্ছে। উধ্বর্তন অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনে জায়গার ব্যাপ্তি বাড়ানো হবে। দ্রুতই ভালো কোনো সংবাদ দিতে পারবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত শনিবার রাত আনুমানিক সোয়া ৮ টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুরে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি হলুদ ট্যাক্সিক্যাব ও এর চালক জিয়াউর রহমান তুরাগ নদে পড়ে নিখোঁজ হন।
বার্তাবাজার/আরএইচ