‘গুজবে কান দিয়ে গণপিটুনিতে মানুষ হত্যা মারাত্বক অপরাধ’- এএফএম সায়েদ

গুজবে কান দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল এবং গণপিটুনিতে নিরীহ মানুষ মারা মারাত্বক অপরাধ উল্লেখ করে জনসাধারণকে এ থেকে বিরত থাকার আহবান জানালেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। সোমবার (২২ জুলাই) বার্তাবাজার এর কাছে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এসময় তিনি জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

তিনি আরও বলেন, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজধারী অপরাধ। আইন নিজের হাতে তুলে না নিতে সাভারবাসী সবাইকে আহ্বান জানান তিনি।

এএফএম সায়েদ বলেন, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন। কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে ৯৯৯ এ কল করুন কিংবা নিকটস্থ থানায় খবর দিয়ে সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিন।

প্রসঙ্গত, ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে একটি গুজব ছড়ানোকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর জের ধরে সর্বশেষ গত শনিবার (২০ জুলাই) সাভারের তেঁতুলঝোড়ায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাত এক নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর