পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ প্রায় ১০ বছর ধরে। নিরাপত্তাজনিত কারণে ক্রিকেট খেলুড়ে দেশগুলো কোনো সিরিজ খেলতে যাচ্ছে না পাকিস্তান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) দেখা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে তাদের দেশের মাটিতে।

পিসিবির ২০১৯-২০ সালের এফটিপিতে দেখা যায়, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এফটিপিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের কথা উল্লেখ রয়েছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ থাকলেও ভেন্যুর কথা উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের সঙ্গে সিরিজের কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কখন-কোথায় খেলা হবে তা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের সময়কে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ হবে ঠিক আছে, তবে কখন-কোথায় হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে না। তাই নিরপেক্ষ কোনো ভেন্যুতে সিরিজ আয়োজন করা যায় কিনা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ এখন ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকায় অবস্থান করছে। ২৬ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর