শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২২ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় পৌর শহরের চাপাতলী, শেরীপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ওই ত্রাণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে চাপাতলী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ প্রমুখ। ওইসময় পৌরসভার কাউন্সিলরগণ, অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন পৌরসভার প্রায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর