হিন্দু ধর্মালম্বীদের নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা করেন গৌতম কুমার এদবর নামে এক ব্যক্তি।
সোমবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করা হয়। এ বিষয়ে আদালত কোনও আদেশ দেননি।
বাদীপক্ষে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।
এ তথ্য নিশ্চিত করে আইনজীবী সুমন কুমার বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ, গত ১৯ জুলাই ব্যারিস্টার সাইদুল হক সুমন ফেসবুকে হিন্দু ধর্মালম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। যার কারণে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্তাবাজার/এএস