‘প্রতারণা নয়, ১২ বছরের ভালোবাসা ফেরত চাই’

শিরোনাম দেখে অনেকে হয়ত হাসছেন।এমন প্লাকার্ড হাতে নিয়েই অনশনে বসেছেন ২৩ বছর বয়সী এক তরুণী। অবশ্য দাবি পূরণের পরিবর্তে প্রেমিকার বাড়ির লোকজনের মারই জুটল প্রথম দফায়।

এমন ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। নদীয়ার কালীগঞ্জে প্রেমিক রাজু শেখের বাড়ির সামনে রবিবার সকালে অনশনে বসেন এই তরুণী।

তার দাবি, দীর্ঘ ১২ বছর ধরে একই পাড়ার রাজু শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। তাদের ভালোবাসা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। এমনকি তাকে দুবার গর্ভপাতও করতে হয়েছে।

তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে কয়েক হাজার টাকাও হাতিয়ে নেয় রাজু শেখ। কিন্তু এখন বেঁকে বসেছে সে। বাড়ি থেকে ছেলের বিয়ের জন্য দেখছে পরিবারের লোকজন।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই খবর পেতেই রাজু শেখের বাড়ির সামনে অনশনে বসেন ওই প্রেমিকা। কিন্তু ঘণ্টা দুয়েকের বেশি সেখানে বসতে পারেননি তিনি। ছেলের বাড়ির লোকজন এসে তাকে মারধর করে তাড়িয়ে দেয়। ক্ষোভে-দুঃখে তরুণী পুলিশে দ্বারস্থ হন।

এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানান এই কলেজছাত্রী। যদিও পুলিশের দাবি, কোনো লিখিত অভিযোগ করেননি ওই তরুণী।

তবে এত সহজে হেরে যাওয়ার পাত্রী নন তিনি। প্রেমিকের স্বজনদের অপমান সত্ত্বেও বিকেলে ফের রাজু শেখের বাড়ির সামনে অনশনে বসেন বেলডাঙা কলেজের এই ছাত্রী।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর