ঢাকার সাভারে ঝুমুর আক্তার বৃষ্টি নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুলাই) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এঘটনা যারা ঘটিয়েছে তারা ছেলেধরা দলের সদস্য বলে ধারনা করলেও নিশ্চিত না হয়ে এ ধরণের গুজবে কান দিয়ে সহিংস আচরণ না করতে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার (২০ জুলাই) তেঁতুলঝোড়া স্কুলের সামনে ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছিল বিক্ষুব্ধ এলাকাবাসী।
পুলিশ জানায়, স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রী স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের বোরকা পরা দুই ছিনতাইকারী তার কানের দুল ছিনিয়ে নিতে চেষ্টা করলে ওই স্কুল ছাত্রী বাঁধা দেয়। এতে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এসময় স্কুল ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ওই দুই ছিনতাইকারী। পরে স্থানীয়রা দ্রুত আহত ছাত্রীকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, বিষয়টি তদন্ত করলে ঘটনার ভিতরের আসল রহস্য উদঘাটন করা যেতে পারে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এসব ছেলে ধরা গুজবে কান না দিতে এবং আইন নিজের হাতে না নিয়ে পুলিশকে যে কোনো ঘটনা অবগত করতে অনুরোধ করেন।
বার্তাবাজার/এসআর