ঢাকার সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রীজ থেকে একটি হলুদ ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে গেছে। রবিবার (২১ জুলাই) রাত আনুমানিক আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ নদীর ব্রীজে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরীদল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা কিরছে।
জসিম উদ্দিন জয় নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সি ক্যাব ব্রীজের উপর থেকে নদীতে পড়ে যায়। তবে ক্যাবটিতে চালক ছাড়া আর কতজন যাত্রী ছিলো তা জানাতে পারেনি পুলিশ। পরে খবর পেয়ে রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ ক্যাবটি উদ্ধারে নদীতে তল্লাশী অভিযান শুরু করে।
এদিকে নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এঘটনায় ঢাকা আরিচা মসহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ জানজটের। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ট্যাক্সি ক্যাবটি উদ্ধার করা যায়নি।
মুঠোফোনে এব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন বলেন, রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের দিকে সাভার থেকে ঢাকা অভিমূখী একটি হলুদ ট্যাক্সি ক্যাব আমিনবাজার সালেহপুর ব্রীজের ‘ইনকামিং’এ উত্তর পাশে নদীতে পড়ে তলিয়ে যায়। গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন এখনও পর্যন্ত জানা যায়নি। তবে নদীর ঠিক কোন জায়গায় ক্যাবটি পড়ে ডুবে গেছে সেই ‘লোকেশন’ সনাক্ত করা গেলেও অন্য কোনও ‘সিম্পটম’ পাওয়া যাচ্ছে না।
উদ্ধার অভিযান চলছে জানিয়ে তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরীদল ও নৌ-পুলিশ নদীতে যৌথভাবে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/এসআর