ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইশমাইল এ অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ (গমেক) কে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করাসহ ১০ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। রবিবার (২১ জুলাই) র্যালি, বিক্ষোভ মিছিলের পাশাপাশি গান গেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার (২০ জুলাই) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুচ্ছেদ ৭ দশমিক ১ অনুযায়ী বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্স চালু রাখতে হলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে হবে। তবে, এ নির্দেশনা উপেক্ষা করে গমেক নিজেরাই কোর্স ও শিক্ষা কারিকুলাম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এব্যাপারে গণমাধ্যমকে শিক্ষার্থীরা জানান, গমেক অধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কথা জানালেও কাজের অগ্রগতির চাক্ষুস প্রমাণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে, গমেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুপুরে এ বিষয়ে এক আলোচনা সভায় বসেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
বার্তাবাজার/এসআর