লক্ষ্মীপুরের কমলনগর চরলরেন্স ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগিন্সংযোগ ও ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। এসময় কার্যালয়ে থাকা চেয়ার, নির্বাচী পোষ্টার ও বেনারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করে ও পুড়ে দেয়। তছনছ করে দেয় প্রচারনা মাইকের যন্ত্রপাতি। এমনটাই দাবী নৌকা প্রতীকের প্রার্থীর। রোববার ভোর রাতে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন।
নৌকা প্রতীকের প্রার্থী আহসান উল্যাহ হিরন অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত দেখে প্রতিপক্ষ মটরসাইকেল প্রতীকের প্রার্থী ইসমাইলের কর্মীরা তার নির্দেশেই এমন ঘটনা ঘটিয়েছে। ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। তবে এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সোলাইমান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করি এবং আগুনে ক্ষতিগ্রস্থ চেয়ারগুলো আলামত হিসেবে জব্দ করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।