রাজধানীতে একই অনুষ্ঠানে ২৪ জনের বিয়ে

রাজধানীতে একই অনুষ্ঠানে অসচ্ছল পরিবারের বারো জোড়া গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ ভোলা সমিতির বিবাহ সহায়তা প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ বিয়ে হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে নব দম্পতিকে দোয়া করেন ভোলার রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষ। বিয়ে, দু’টি মানুষের ভালোবাসার মিলনমেলা। আর তা যদি হয়, একই অনুষ্ঠানে অনেক দম্পতির বিয়ের অনুষ্ঠান, তাহলে বর কনে আর আত্মীয় স্বজনের মাঝে বয়ে আনে বাড়তি আনন্দ। এমনই ১২ দম্পতির এক বিয়ের অনুষ্ঠান হয়েছে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে।

দারিদ্র্য ও সংসারের অভাব অনটনের মধ্যে বড় হওয়ায় আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে যাদের স্বপ্ন ছিল অধ’রা, ওদের সেই স্বপ্ন পূরণে এগিয়ে আসে ঢাকাস্থ ভোলা সমিতি।

এই সমিতির বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল পরিবারের ১২ জন বর ও ১২ জন কনের বিয়ের আয়োজন করা হয়। এমন আয়োজনে নব দম্পতিরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

অনুষ্ঠানে এসে নব দম্পতিকে আশীর্বাদ করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

তিনি বলেন, ‘এটি একটি মহৎ উদ্যোগ। প্রতিবছর সহায়তার মাধ্যমে এমন উদ্যোগ নেওয়া যেতে পারে।’

আর অসচ্ছল দরিদ্র পরিবারের সন্তানদের বিয়ের আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি বর কনেকে স্বাবলম্বী করার পদক্ষেপও নেয়া হবে বলে জানান বিবাহ সহায়তা প্রকল্পের আহবায়ক এম ইউ গোলাম রসুল বেলাল। সমাজ উন্নয়নে অন্যান্য সংগঠন ও সংস্থারও এ ধরনের পদক্ষেপ নিতে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর