ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আরেক নারী নিহত

ঢাকার সাভারের তেঁতুলঝোড়ায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাত এক নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তেঁতুলঝোড়া এলাকায় এক শিশুকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলেন এক নারী। এসময় এলাকাবাসী ছেলেধরা সন্দেহে ওই নারীকে গণপিটুনী দিলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। একই সাথে ঘটনার সত্যতা জানতে শিশু ও তার পরিবারের খোঁজ করা হচ্ছে। এঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের দ্বারা জনসাধারণের প্রতি তিনি এসময় আহবান জানান, সম্প্রতি দেশে কিছু চক্র গুজব সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। তাই গুজবে কান না দিয়ে এধরণের কোন ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানায় অবহিত করুন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর