পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল ছাত্রী স্মৃতি আক্তার রিমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মা আঙ্গুরা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় একই উপজেলার চরফরাদী গ্রামের খুরশিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া, রুবেল মিয়ার ছেলে পিয়াস মিয়া, ফারুক মিয়ার ছেলে রুমান মিয়া ও কফুল উদ্দিনের ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে স্কুল ছাত্রী স্মৃতি আক্তার রিমার লাশের ময়নাতদন্ত কিশোরগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। তদন্তশেষে সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তে নিহত রিমাকে ধর্ষণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

গত বুধবার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয় স্মৃতি আক্তার রীমা। পর দিন ঝুলন্ত অবস্থায় নানার বাড়ির পাশে পুকুর পাড়ে একটি বরই গাছের ডালে ঝুলন্ত অস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ওসি(তদন্ত)এসএম শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আশা করছি শিগগিরই আসামিরা ধরা পড়বে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মফিজুর রহমান জানান, ঘটনায় নিহত স্কুল ছাত্রী রিমার মা আঙ্গুরা খাতুন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর