শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে বন্যার পানিতে ডুবে নুপুর আক্তার (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে ওই মৃত্যুর ঘটনা ঘটে। নুপুর নামাপাড়া গ্রামের জনৈক নয়ন মিয়ার মেয়ে।
চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজের সাথে কথা হলে তিনি জানান, শনিবার দুপুরে নুপুর কলা গাছের তৈরি ভেলা দিয়ে খেলতে যায়। বাড়ির সামনে বন্যার পানিতে খেলার ফাকে নূপুর পানিতে পরে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে দমকল বাহিনীকে খবর দিলে শেরপুর দমকল বাহিনীর কর্মীরা গিয়ে পানি থেকে নূপুরের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সুবল চন্দ্র দেবনাথ বলেন, পানিতে ডুবে শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় নূপুরের লাশ উদ্ধার করি। উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন বন্যার পানি অনেক বেশি। শিশুদের প্রতি আপনাদের সচেতনতা ও সার্বক্ষণিক নজর রাখতে হবে, যেন তারা পানিতে না যায়।
এ নিয়ে জেলায় গত কয়েকদিনের বন্যায় মোট ১০ জনের মৃত্যু হলো যার মধ্যে ৭জনই শিশু। নিহতদের মধ্যে শেরপুর সদরে ৪ জন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ৩জন করে রয়েছে।
বার্তাবাজার/এসআর