কৃষক দলের আহবায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন শুরু হয়ে গেছে, নেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে তবেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ইতিমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে এই রাস্তার আন্দোলনকে বেগবান করার জন্য বরিশালে আমরা সমাবেশ করেছি আজ সমাবেশ হবে চট্টগ্রামে, ২৫ তারিখে হবে খুলনায়, পর্যায় ক্রমে সব বিভাগে হবে। তারপরে সব জেলাতে সমাবেশ করা হবে।
শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশনে’ তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার যারা সহ্য করেছেন তাদের জন্য ইতিমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে।
তিনি বলেন, আদালতে গিয়ে বিচারকের সামনে সন্ত্রাসীরা খুন করছে। এই দেশে পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছে।
এই দেশে স্বাভাবিক কোনো নির্বাচন হয় না। জাতীয় সংসদ নির্বাচন, পৌরসভা, উপজেলাসহ কোনও নির্বাচনই স্বাভাবিকভাবে হয় না। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছে। এটা যদি থেকে যায়- বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছিল এটা আমরা ভুলে যাব। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছিল ২ লক্ষ মা-বোন সম্মান হারিয়েছিল এটা মিথ্যা হয়ে যাবে যদি এই সরকার ক্ষমতায় থাকে।
এ সময় তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, এই দেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামি।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংগঠনের মহাসচিব ড. মমতাজ হোসেন, ভাইস-চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/কেএ