লক্ষ্মীপুরের টুমচরে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, স্থানীয় বাসিন্দা শামছুল হক, মেয়ে মনি আক্তার ও মেয়ের জামাই জাবেল। তবে এসময় তাদের একটি মুঠোফোন ও একটি মানিব্যাগ ছাড়া স্বর্নালংকার নিতে পারেনি ডাকাতরা।
আহত শামছুল হক জানান, ঘরের সিঁদ কেটে রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তাদের বেঁধে ফেলার চেষ্টা করা হয়। টের পেয়ে চিৎকার করেন তারা। এসময় এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে ডাকাতরা।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
এদিকে এ ঘটনা ছাড়াও গত এক সপ্তাহে একই ইউনিয়নের পশ্চিম টুমচর গ্রামের ৩টি বাড়ীতে পৃথকভাবে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাড়ীর লোকজনকে বেঁধে মারধর করে নগদ ৫ লক্ষাধিক টাকা ও ৭ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী। এসব ঘটনায় স্থানীয়রা রাত জেগে লাঠি হাতে পাহারা দিতে দেখা যায়। তবে হয়রানি এড়াতে কেউ থানায় কোন অভিযোগ করেনি বলে জানা যায়। গ্রাম পুলিশ ও থানা পুলিশ টহলে রয়েছেন। এরপরও ঠেকানো যাচ্ছেনা ডাকাতি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ একে এম আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের তৎপরতা আরো বাড়ানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি