এ যেন আরেক ‘নয়ন বন্ড’

সম্প্রতি বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে গোটা দেশ।সেই রেশ কাটতে না কাটতেই এবার একই জেলার বামনা উপজেলায় আরেক যুবককে প্রকাশ্য দিবালোকে কোপানোর চেষ্টা চালিয়েছেন এক যুবক।মিশনে সফল হননি তিনি।দুর্ঘটনা ঘটার আগেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বামনা থানার অদূরে উপজেলার সদর রোডের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর রোড এলাকার মো. মতিন হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (২৫) প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মো. হাসিব (২১) নামে এক যুবককে হত্যা করার চেষ্টা করে। এ ঘটনার খবর পেয়ে বামনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে। এ সময় সোহেলের কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

হামলায় বেঁচে যাওয়া মো. হাসিব জানান, হামলাকারী সোহেল হাওলাদারের সঙ্গে শুক্রবার বিকেল ৫টার দিকে বাকবিতণ্ডা হয় তার।দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।এরপর দুজন স্থান ত্যাগ করে চলে যান। ঘটনার আধাঘণ্টা পরে তিনি বামনা সদর রোডে মসজিদের কাছে আসলে হামলা চেষ্টাকারী সোহেল একটি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ‌কোন অঘটন ঘটার আগেই পুলিশ অভিযান চালিয়ে হামলা চেষ্টাকারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাল (আজ শনিবার) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর