দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন। লেভেল ক্রসিং ফাঁকা। নেই গেটম্যান,নেই যানবাহন থামানোর প্রতিবন্ধক। আর ফাঁকা পেয়ে রেললাইনের ওপর দিয়ে তৈরি রাস্তা পার হতেই গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে মাইক্রোবাসের ধাক্কায় অন্তত আধা কিলোমিটার মাইক্রোবাসটি টেনে হিচড়ে নেয়ায় বর-কনেসহ মাইক্রোবাসের ১১টি তাজা প্রাণ ঝরে যায়।
এ ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার (১৮ জুলাই) রেলওয়ে কতৃপক্ষ উল্লাপাড়ার বেতকান্দি এলাকার অরক্ষিত সেই রেলক্রসিংয়ে একজন গেটম্যান নিযুক্ত করেছেন। এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, ওই রেলক্রসিংয়ের দু’পাশে বাঁশের দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একজন গেটম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। আরও একজন গেটম্যান সেখানে নিযুক্ত করার কথা রয়েছে।
গেটম্যান বিপ্লব কুমার দাস (৩০) কর্মস্থলে যোগদান করেছেন। ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয়পাশে প্রায় আধ কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। দু’একদিনের মধ্যে ওই রেল লাইনের আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান জানান, দূর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা এড়াতে ওই রেলক্রসিংয়ে গেটম্যান নিযুক্তের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তে রেলওয়ে বিভাগ ও জেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
বার্তাবাজার/এসআর