হত্যা মামলার সাক্ষীকে পানিতে ডুবিয়ে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে পানিতে ডুবিয়ে, পিটিয়ে ও কুপিয়ে জসিম শেখ (৩০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। জসিম শেখ ওই গ্রামের আজিজ শেখের ছেলে। তিনি ওই গ্রামে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি হত্যা মামলার সাক্ষী। ঈদের দিন নামাজ শেষেও এই জসিম শেখসহ চারজনকে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন।

তিনি জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা সম্প্রতি জেল থেকে বেরিয়ে শুক্রবার এ হত্যাকাণ্ড ঘটায়।

এলাকাবাসী জানায়, তিন/চার বছর আগে ওই গ্রামে লাক্কু মোল্লা নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হন। সেই থেকে ওই গ্রামে দু’টি বিবাদমান পক্ষে মধ্যে দলাদলি চলে আসছিল। বখতিয়ার শেখ ও ইমাম শেখ এ দল দু’টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। গত ঈদের দিন নামাজ শেষে বিবাদমান এই দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ বখতিয়ার শেখের নেতৃত্বে সংঘবদ্ধ একদল লোক ইমাম শেখের সমর্থক জসিম শেখের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় জসিম শেখকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে তাকে কুপিয়ে, পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর