লক্ষাধিক মানুষ পানিবন্দি: ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরাতন ভাঙন অংশ দিয়ে বন্যার পানি দ্রুতবেগে প্রবেশ করে চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এবং ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে ১ মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে শেরপুর-জামালপুর সড়কের নন্দীর বাজার পোড়ার দোকান হাইওয়ের (ডাইভারশন) ওপর দিয়ে হাঁটু সমান বন্যার পানি দ্রুতবেগে প্রবাহিত হচ্ছে।

এদিকে ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও যেকোনো সময় শেরপুর থেকে জামালপুর হয়ে ঢাকা ও উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যেভাবে বন্যার পানি বাড়ছে তাতে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।

সকাল ৭টার দিকে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান হাইওয়েতে (ডাইভারশন) গিয়ে দেখা যায়, প্রায় তিন ফুট উচ্চতায় বন্যার পানি প্রবাহিত হচ্ছে। সিএনজি অটোরিকশা চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। কিছু বাস- ট্রাককে ঝুঁকি নিয়ে ডাইভারশনে চলাচল করতে দেখা যায়। সেখানে অনেককে নৌকা দিয়ে ডাইভারশন অংশটুকু পারাপার হতে দেখা যায়।

সদর উপজেলার নন্দির বাজার এলাকার বাসিন্দা আব্দুল বারি মিয়া, কৃষক ফারুক মিয়া ও পোড়ার দোকান এলাকার নির্মাণ শ্রমিক মোস্তফা মিয়া বলেন, বুধবার সন্ধ্যায়ও আমাদের এলাকায় পানি ছিল না। হঠাৎ করেই রাত ৮টার দিকে বন্যার পানি এলাকায় ঢুকে পড়ে। এমনকি শেরপুর-জামালপুর সড়কের ডাইভারশনের ওপর দিকে রাতের মধ্যেই হাঁটু সমান পানি প্রবাহিত হতে থাকে। বন্যার পানিতে চরাঞ্চলের কৃষকের রোপা আমন বীজতলা, সবজী বাগান ও পাটের আবাদ তলিয়ে গেছে, বাড়ি-ঘরে পানি ঢুকেছে।

তারা বলেন, যেকোনো সময় ডাইভারশনের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। বন্যার পানির যে অবস্থা তাতে এবার প্রবল বন্যা হতে পারে এমনটাই আংশকা করছেন চরাঞ্চলের মানুষ।

এদিকে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বন্যার পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ৫ দিনে বন্যার পানিতে ডুবে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ৫ উপজেলার ৩৫টি ইউনিয়নের ১৭২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৬৩ হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। জেলায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় ৬ দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে।
বন্যায় জেলার বিভিন্ন পুকুর, জলাশয় এবং খামারের মাছ ভেসে এবং পাড় ভেঙে প্রায় ৫ কোটি ১৮ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম।

১৭ জুলাই বুধবার বিকেলে বন্যায় ক্ষতিপ্রস্ত শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর-বেপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, এক কেজি করে চিড়া ও গুড় বিতরণ করেছে জেলা প্রশাসন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর