জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা

বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান করা হয়েছে জিএম কাদেরকে।এর আগে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান।

তিনি বলেন, জিএম কাদের এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি পার্টির চেয়ারম্যান। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

জিএম কাদের এতদিন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে ছিলেন। পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে তাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। গত কয়েক মাস ধরেই এ দায়িত্ব পালন করে আসছিলেন জিএম কাদের।

নতুন দায়িত্ব নিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এ মুহূর্তে আমার প্রথম কাজ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো। তিনি সারা দেশের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই বলে এ সময় জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর