চার ক্রিকেটারকে রেখে দেশ ছাড়ছেন তামিম-মাশরাফিরা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য গত মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২০ জুলাই) দেশ ছাড়বেন টাইগাররা।তবে এদিন দলের সঙ্গে যেতে পারবেন না দলের চার ক্রিকেটার।

আগামী পরশু দলের সঙ্গে চার ক্রিকেটার এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন দলের সঙ্গে যেতে পারবেন না। লঙ্কান সিরিজের জন্য শেষ প্রস্তুতি নিতে ঘরের মাঠে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে হবে এই চার ক্রিকেটারকে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৯ এবং ২১ জুলাই।

তবে এই চার ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন দুদিন পর অর্থাৎ ২২ জুলাই। জাতীয় দলের নির্বাচক এবং ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার জানিয়েছেন, মূলত ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কাটাতেই এই চার ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে খেলানোর সিদ্ধান্ত। এর মধ্যে এনামুল হক বিজয় ছাড়া বাকি তিন ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি।

এই সফরের জন্য বাংলাদেশের দলের কোচ নিযুক্ত করা হয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব পান সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। এছাড়া বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার চাম্পাকা রামানায়েকে।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। মূল সিরিজের আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন মাশরাফিরা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মাদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর