শেষ হলো ইনজামাম অধ্যায়ের, পাক শিবিরে নতুন মুখ কে?

বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণে প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম-উল-হক।পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত তার চুক্তি ছিল।কিন্তু তার আগেই জানিয়ে দিলেন তিনি আর চুক্তি নবায়ন করছেন না।

বিশ্বকাপে পাকিস্তান দল সন্তোষজনক ভালো করতে পারেনি। সেই রেশ ধরেই বুধবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, আমি মনে করি, এটা পদত্যাগেরই সময়। আমি আমার মেয়াদ শেষ করব। আর সেটা শেষ হবে ৩০ জুলাই।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য থেকে দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বলব, আমি আমার পদে আর থাকতে চাই না। ২০১৬ সালে এই পদে যোগ দেয়ার পর খুবই ভালো সময় কাটিয়েছি। আমার মনে হয় এখনই পদ থেকে সড়ে যাওয়ার সঠিক সময়।’

দীর্ঘ দিন দলের সঙ্গে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক কিংবদন্তী ক্রিকেটার। ‘পিসিবি আমাকে এই পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, সেপ্টেম্বর থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ২০২০ সালে টি-টোয়েন্টি এবং ২০২৩ সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। আমি মনে করি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন একজন প্রধান নির্বাচক নিয়োগ দেয়ার এখনই সঠিক সময়। যিনি কিনা নতুন পরিকল্পনা ও চিন্তাচেতনা নিয়ে আসতে পারবেন।

গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার পর প্রধান নির্বাচক ইনজামাম উল হক প্রধান নির্বাচকের পদ হারাতে চলেছেন, এমন কথাই ভেসে বেড়াচ্ছিল বাতাসে। তবে চাকরি হারানোর সময়টা পর্যন্ত অপেক্ষা করলেন না পাকিস্তানের এই ব্যাটিং কিংবদন্তি।

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইনজামাম। তার দায়িত্ব চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। তবে বিশ্বকাপে দলকে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি তিনি। টুর্নামেন্টের আগে তার দল বাছাই নিয়েও বিতর্ক ছিল। মোহাম্মদ আমির আর ওয়াহাব রিয়াজের মতো পরীক্ষিত দুই পেসারকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছিলেন ইনজামাম। পরে সমালোচনার মুখে তাদের অন্তর্ভুক্ত করেন। পাকিস্তানের ব্যর্থ বিশ্বকাপ মিশনে এই দুজনই ছিলেন সবচেয়ে উজ্জ্বল।

ইনজামামের পর কাকে নির্বাচক হিসেবে নিয়োগ দিবে এ ব্যাপারে এখনও কিছু বলেনি পিসিবি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর