চট্টগ্রামের পটিয়ায় আদালতের নির্দেশে ১ মাস ১৭ দিন পর কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার দুপুরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ সানির উপস্থিতিতে পুলিশ লাশটি উত্তোলন করেন। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, উত্তোলনকৃত লাশটি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের মৃত আবু তাহেরের পুত্র কামাল উদ্দিনের। এ নিয়ে গত এক মাসে এ ইউনিয়ন থেকে আদালতের নির্দেশে দুটি লাশ উত্তোলন করা হলো। গত ২০ জুন একই ইউনিয়নের বিনিনিহারা থেকে জোবায়ের মোস্তফা চুমকীর লাশ উত্তোলন করে পুলিশ।
জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের কামাল উদ্দিনের সঙ্গে একই এলাকার নুরুল আমিনের পরিবারের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ৫ মে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহত কামাল চিকিৎসাধীন থাকাবস্থায় চমেক হাসপাতালে গত ১ জুন মারা যায়।
এই ঘটনায় থানা পুলিশ ঘটনার প্রথম দিকে মামলাটি গ্রহণ না করলে ও পরবর্তীতে প্রতিপক্ষ আনোয়ার হোসেন, আয়ুব হোসেন, মফিজুর রহমান, সাজ্জাদ হোসেন ও তাদের বাবা নুরুল আমিনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করেন।
মামলার বাদী কামাল উদ্দিনের ভাই মো. জামাল উদ্দিন আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে বিজ্ঞ আদালত কামাল উদ্দিনের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার জন্য নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পটিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ সানির উপস্থিতিতে বুধবার লাশটি উত্তোলন করা হয়।
বার্তা বাজার/কেএ