ঢাকার সাভারে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) পুলিশের উদ্ধার করা অজ্ঞাত পরিচয় নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে তার মেয়ে।
এর আগে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। বুধবার নিহত নারীর পরিচয় নিশ্চিত করে তার মেয়ে নাসিমা বেগম বলেন, আমার মা ফুলজান (৫৭) গত বৃহস্পতিবার সকালে মীরপুর থেকে নিখোঁজ হয়েছিলেন।
নাসিমা বেগম আরও জানান, তার বাবা ও মা মীরপুর ১নং সেকশনে গোদারাঘাট এলাকায় কমিশনার এর বাড়িতে ভাড়া থাকে।
প্রসঙ্গত, স্থানীয়দের খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীর পুরোপুরি পচে গলে যাওয়ায় চেনার উপায় ছিলো না। পুলিশ জানিয়েছিল তারা প্রাথমিকভাবে ধারনা করেছেন, নিহত নারীকে হত্যার পরে রাতের আঁধারে হত্যাকারীরা মরদেহটি ডোবায় ফেলে রেখে যায়।