মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই) : ঢাকার সাভারে ৭ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বি মিয়া পলাতক থাকলেও পুলিশ ধর্ষণে সহযোগীতা করার অভিযোগে রাব্বি মিয়ার বন্ধু শাহরিয়ার নামের এক যুবককে আটক করে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে সাভার পৌর এলাকার মধ্য গেন্ডায় অভিযান চালিয়ে শাহরিয়ারকে আটক করা হয়।
এর আগে গত শনিবার (১৩ জুলাই) আটক শাহরিয়ারের বাসায় কৌশলে ওই স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে রাব্বি মিয়া।
সাভার মডেল থানায় দায়েরকৃত ওই শিক্ষার্থীর স্বজনদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার (১৩ জুলাই) ওই শিক্ষার্থীর দূর সম্পর্কের চাচাতো ভাই রাব্বি মিয়া কৌশলে তাকে শাহরিয়ারের বাসায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করার পর ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় রাব্বি মিয়া।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুল হক রনি জানান, এই ঘটনায় ওই ছাত্রীর স্বজনেরা আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষণের সহযোগীতা করায় শাহরিয়ারকে আটক করে। তবে প্রধান অভিযুক্ত রাব্বি মিয়া পালিয়ে যাওয়ায় তাকেও আটকের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ এ প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।