শাহিন আলম বেরোবি প্রতিনিধি: গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে এক সঙ্গে কাজ করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)।
জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এর প্রশাসনিক ভবনে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ-এর পক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রফিকুল ইসলাম শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন।
বেরোবি এবং ইউডার সমঝোতা চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান যৌথভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক আদান-প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউডার ফাউন্ডার অধ্যাপক মুজিব খান, উপ-উপাচার্য প্রফেসর ড. আহমদউল্লাহ মিয়া, রেজিস্ট্রার ড. ইফফাত কায়েস চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবনিযুক্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) আশা করে, জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির বুদ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধি পাবে।