শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আপন ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাাটি ঘটেছে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। মাত্র ৮ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।
মঙ্গলবার যোহর নামাজ বাদ দু’ভাইয়ের এক সাথে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাদের দাফন করা হয়েছে। জানাযা নামাজে সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া ) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ ,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।
মরহুম দ্বয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি সদস্য শামসুল হকের পিতা শের আলী মোড়ল (৮৫) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার গভীর রাতে (মঙ্গলবার রাত ১.১৭ মিনিট) নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর রাতেই বড় ভাই আব্দুল কাদের মোড়ল (৮৭) মানষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। মঙ্গলবার সকালে ছোট ভাই শের আলী মোড়ল’র লাশের পাশে বসে থাকাবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন বড় ভাই কাদের মোড়ল। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দু’ ভাইয়ের পরপর মৃত্যুতে পরিবারের সাথে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।