নোয়াখালী সুপার মার্কেটে অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃ ওয়ালিদ সাকিব, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর জেলা শহরে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান এর নেতৃত্বে নোয়াখালী সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী সুপার মার্কেটের পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সুপার কাট সেলুন ও নিউ স্মার্ট সেলুনে সেবাগ্রহীতাদের জন্য ব্যবহৃত শেভিং কিটস্, হেয়ার কালার, শ্যাম্পুসহ অন্য পণ্যগুলোতে মূল্য, মেয়াদোত্তীর্ণের তারিখ সহ ভোক্তা অধিকার আইনে নির্ধারিত ০৮ টির কোনটিই না থাকায় সুপারকাট সেলুনের মালিক মিল্টন দাসকে ১০ হাজার টাকা এবং নিউ স্মার্ট সেলুনের মালিক ছোটন মজুমদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালত।

নিচতলায় মাজেদা মেডিসিনে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন ও ফ্রিজের তাপমাত্রা প্রদর্শন না করায় মালিক রমজানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷

সুপার মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ও এভন কসমেটিকস্ এ অভিযান চালিয়ে অনুমোদন বিহীন পণ্য ও আমদানিকারকের তথ্য না থাকায় খালেক গার্মেন্টস্ এন্ড কসমেটিকস্ এর মালিক হৃদয়কে ১৫ হাজার টাকা ও এভন কসমেটিকস্ এর মালিক রমজান আলীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও কোন তথ্য থাকলে নোয়াখালী জেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর