সাভারে গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় দুই বছরের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, পারিবারিক অভ্যন্তরীণ কোনো জটিলতার কারণেই এ ঘটনা ঘটতে পারে।
শিশুটির নাম মহিমা। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুরে রানা ইসলামের নিজ বাড়ি থেকে তার শিশু সন্তান চুরি যাওয়ার ঘটনা ঘটে।
মহিমার বাবা রানা ইসলাম জানান, রোববার রাতে তার একতলা বাড়ির দুটি কক্ষের একটিতে তার স্ত্রী মামুনা আক্তার ও মেয়ে মহিমা ঘুমিয়ে ছিল। পরে রাত আড়াইটার দিকে মহিমার মা বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মহিমাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করে। এর পর সাবাই তার রুমে আসেন।পরে সম্ভব্য সব দিকে খুঁজে তাকে আর পাওয়া যায়নি।
মহিমার মামা রাশেদুল ইসলাম বলেন, তার ভগ্নিপতির সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিকভাবে কারো কোনো দ্বন্দ্ব নেই। এমনকি স্ত্রী মামুনা আক্তারের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তবে কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই।
এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, যে লোকেশন থেকে চুরির কথা বলা হচ্ছে আসলে সেখানে সেই সুযোগটা নেই। সম্ভবত পরিবারের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তাবাজার/এএস