মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে বাসচাপায় ওই অজ্ঞাত ব্যক্তি নিহত হন বলে পুলিশসূত্রে জানা যায়। সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
এব্যাপারে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহণের একটি বাস মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে বাথুলি বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানা গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।