রাফী উল্লাহ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ সাত্তার মন্ডল রচিত “উন্নয়নের গল্প: কৃষি খাদ্য গ্রামোন্নয়ন” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সভাকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
অনুষ্ঠানে বইটি সম্পর্কে লেখক ড. এম. এ সাত্তার মন্ডল বলেন, বইটিকে মোট ১২ টি অধ্যায়ে সুবিন্যস্ত করা হয়েছে। এ বইটি পড়ে একজন পাঠক জানতে পারবেন বাংলাদেশের কৃষির রুপান্তর, বাংলাদেশে কৃষির বিস্ময়কর অর্জন ও সম্মুখ সম্ভাবনা, কৃষি ও খাদ্য নিরাপত্তার কতিপয় লক্ষণীয় বিষয়, বাংলাদেশে কৃষির পরিবর্তনের প্রধান নিয়ামকসমূহ, কৃষকের অর্থনীতি ও নীতি নৈতিকতার প্রশ্ন, বাংলাদেশে পাটের অর্থনীতি, বাংলাদেশের স্বল্পোন্নত পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের গল্প, কৃষিতে বঙ্গবন্ধু সরকারের দীর্ঘতম কর্মকান্ড, ফরিদপুরের অর্থনীতির একাল-সেকাল এবং ময়মনসিংহ অ লে কৃষি সম্প্রসারনের সম্ভাবনাসমূহ।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, পশুপালন অনুষদীয় ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, পশুপালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এস. এম. বুলবুল, প্রক্টর ড. মো. আজহারুল হক, এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
বইটির লেখক অধ্যাপক ড. এম. এ সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ¯স্নাতক ও ¯স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। চার দশকেরও বেশি সময় ধরে বাকৃবিতে শিক্ষকতা করেছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি দুই মেয়াদে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগ ও কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য ছিলেন।