সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজার জন্য প্রস্তুত রংপুর কালেক্টরেট মাঠ।
মঙ্গলবার (১৬ জুলাই) বাদ জোহর এ মাঠেই জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানাজার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে সকাল থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে জাতীয় পার্টির নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা ঈদগাহ মাঠে আসতে শুরু করেছেন। দুপুর ১২টার দিকে মুসল্লিদের ভিড়ে মাঠ অনেকটাই ভরে যায়।
দলীয় নেতারা আশা করছেন কমপক্ষে ৫ লাখ মানুষ পল্লীবন্ধুর জানাজায় অংশ নেবেন। এরশাদের জানাজা হবে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা।
এদিকে রংপুরের পল্লী নিবাসে এরশাদকে দাফন করার সিদ্ধান্তে এখনও অটল রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতা রংপুরে ইতিমধ্যে রংপুরে এসে পৌঁছেছেন। এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজায় শরিক হবেন।
অন্যদিকে ঢাকা ছাড়ার সময়ও এরশাদারে ছোট ভাই জিএম কাদের বলেছেন ঢাকার সেনানিবাসে তার দাফন হবে।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি সাদা হেলিকপ্টারযোগে এরশাদের লাশ ঢাকা থেকে আনা হয় রংপুর ক্যান্টনমেন্টে।
প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।
বার্তাবাজার/এএস