আপন ঠিকানায় পৌঁছাল এরশাদের মরদেহ, লাখো মানুষের ভিড়

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ তার নিজ এলাকা রংপুরে পৌঁছেছে।

এরশাদের কফিন নিয়ে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে রংপুর সেনানিবাসে পৌঁছায়। এসময় রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা তার লাশ গ্রহণ করেন। প্রিয় নেতার মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।

লাশ রংপুর সেনানিবাস থেকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে রংপুর কেন্দ্রীয় ইদগাহ মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ যোহর এরশাদের চতুর্থ জানাজা শেষে মরদেহ রংপুরবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

পরে এরশাদের লাশ হেলিকপ্টারযোগে ফের ঢাকায় আনা হবে। বাদ-আসর বনানীতে সামরিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

আজ সকাল সাড়ে ১০ দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওনা হয়।

এরশাদের কফিনের সঙ্গে যান তার ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।

এদিকে রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন এরশাদের অন্তিম চাওয়া ছিল তাকে রংপুরেই দাফন করা হোক। সে জন্য পল্লী নিবাসের লিচুতলায় কবর খনন করা হয়েছে। রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, জানাজা শেষে স্যারের (এরশাদ) মরদেহ নিয়ে যাওয়া হবে পল্লী নিবাসে। সেখানে লিচুতলায় তাকে দাফন করা হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর