ব্যর্থতা যেন বাংলাদেশের উপর চেপে বসেছে।এই তো দিন কয়েক আগে বিশ্বকাপের আসর থেকে এক রাশ হতাশা নিয়ে দেশে ফিরেছে জাতীয় দল।এমন হতাশার সময় দুঃসংবাদ দিল বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামে দ্বিতীয় চারদিনের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করে শেষ পর্যন্ত সিরিজ হার মানতে হয়েছে তাদের।ড্র হয়েছে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এর আগের ম্যাচে আফগানদের কাছে ৭ উইকেটের শোচনীয় পরাজয় মেনে নেয় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন ‘এ’ দল।
চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচের দুই দিনই বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় নিশ্প্রাণ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। খুলনার সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ৭.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় দিনের পুরোটা ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে এসে ৩৩.২ ওভার ব্যাটিং করে স্বাগতিকেরা। ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে, নিশ্চিত হয়ে যায় তৃতীয় দিনই। বাকি ছিল আনুষ্ঠানিকতার।
২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে অলআউট ঠিক ২০০ রানে। সর্বোচ্চ ৬৫ রান নাঈম শেখের। এ ছাড়া ৬১ রান করেন অভিজ্ঞ রকিবুল হাসান। কায়েস আহমেদ, ইয়ামিন আহমেদজাই ও শরাফউদ্দিন আশরাফ নিয়েছেন ৩টি করে উইকেট।
আফগানিস্তান ‘এ’ দল প্রথম ইনিংসে ৪৪ ওভারে ২ উইকেটে ১৬৩ রান তুলতেই সমাপ্তি ম্যাচের। দলটির ওপেনার ইব্রাহিম জাদরান ৯৬ রান করে রানআউট। বাহির শাহ অপরাজিত ছিলেন ৫২ রানে।
আগামী ১৯ জুলাই থেকে এই চট্টগ্রামেই শুরু হবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
বার্তাবাজার/এএস