বর-কনেসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন!

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মাইক্রোবাসে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বর ও কনেসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।

সোমবার (১৫ জুলাই) রাতে পাকশী পশ্চিমাঞ্চল রেল বিভাগের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

এই কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন র্কমর্কতা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (এইএন)-২ আরিফুল ইসলাম টুটুল,পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকোশেড) অশোক রায়, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায়।

এর আগে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের গাড়িবহরের একটি মাইক্রোবাসে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বর ও কনেসহ ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান,বরযাত্রীসহ মাইক্রোবাসটি উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তরে পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চবিদ্যালয়ের পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপারের সময় মাইক্রোবাসটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর