জেলার উল্লাপাড়ায় একটি উন্মুক্ত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
সোমবার রাতে পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিকেল অফিসার এস কে রায় ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার বেতকান্দিতে অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।