চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ

মোঃ ওয়ালিদ সাকিব, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ এর ছেলে মোঃ সোহাগের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মার্ছাদোনা এলাকা সংলগ্ন ছোটফেনী নদী থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করছে মোঃ সোহাগ। সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে মোঃ সোহাগ সরকারি দলের নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলন করছে বলে স্থানীয়দের অভিযোগ।

সোমবার (১৫ জুলাই) সাংবাদিকরা সরেজমিনে গেলে দেখা যায়, দুটি শ্যালো যন্ত্র বসিয়ে পাইপ লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করে পাশে দুটি জমি ভরাট করা হচ্ছে। পরে জমি থেকে ট্রাকে করে এসব বালু সড়ক নির্মানের জন্য বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক বালু ৫০০ থেকে ৭০০ টাকা দামে বিক্রি করা হয়।

স্থানীয়রা বলছেন, নদী থেকে বালু উত্তোনের ফলে নদীর পাশে আবাদি জমিগুলো একসময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। বালু উত্তোলন বন্ধের জন্য স্থানীয় কৃষকরা একাধিকবার অনুরোধ করলেও বালু উত্তোলন বন্ধ করা হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নদী থেকে বালু উত্তোলন করছেন না তিনি। নদীর পাশে জমি থেকে জমির মালিক বালু উত্তোলন করছে বলে দাবি করেন। এ সময় শ্যালোর পাইপের লাইন নদীতে কেন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফয়সাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বার্তা বাজারকে জানান, বালু উত্তোলনের বিষয়টি তিনি আগে জানতেন না, সাংবাদিকদের মাধ্যমেই জেনেছেন। বালু উত্তোলনের অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও ফয়সাল আহমেদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর