শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার নলতা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা.আবুল ফজল মাহমুদ বাপী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মো. নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মিডিয়া কর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এনজিও কর্মী, নারী কর্মী, আইনজীবী, সুশীল সমাজ প্রতিনিধি তথা বিভিন্ন শ্রেণি- পেশার প্রায় দেড় শত ব্যক্তিবর্গ।
তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা উন্নয়নে কমিউনিটি রেডিওর উক্ত সংলাপের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেডিও নলতা ৯৯.২ এফ. এম এর স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার।
সমগ্র অনুষ্ঠানে মূল সঞ্চালনার দায়িত্ব পালন করেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম এবং অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের আসন গ্রহণ ও পরিচিতি পর্বে উপস্থাপনার দায়িত্ব পালন করেন একই কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান (মহসিন)।
রেডিও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন ও রেডিও নলতার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে অর্থায়ন করেন ফ্রিডরিখ ন্যাউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম।