মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারের সিটি কর্পোরেশনের ময়লার ‘ডাম্পিং জোন’ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা (২৫) এক তরুণীর হাত- পা ও মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) সকালে বলিয়ারপুরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে লাশের শরীর থেকে বিচ্ছিন্ন করা দুটি পা পাওয়া গেলেও দেহ থেকে বিচ্ছিন্ন করা হাত ও মাথার সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে ঐ ডাম্পিং জোনের ময়লার ভিতর একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের লাশ পড়ে থাকতে থেকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে মরদেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা ও হাতের খোঁজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঐ তরুনীকে হত্যার পর লাশ গুম করতে বলিয়ারপুরের এই ডাম্পিং স্টেশনে ফেলে গেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।