বিশ্বকাপের সেরা ক্রিকেটারের খেতাব পাননি। তবে আইসিসির দেয়া সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ দলে সর্বোচ্চ চার ক্রিকেটার আছে ইংল্যান্ডের।
বিশ্বকাপে নিজের জাদুকরী পারফরম্যান্সে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন সাকিব। ব্যাট হাতে ৮ ম্যাচে টুর্নামেন্টে সর্বোচ্চ গড় ৮৬’তে তিনি করেছেন ৬০৬ রান। আছে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটি। পাশাপাশি নিয়েছেন ১১ উইকেটও।
টুর্নামেন্ট সেরার অন্যতম দাবিদার হলেও, শেষ পর্যন্ত পুরস্কার গেছে কেইন উইলিয়ামসনের হাতে। তবে বিশ্বকাপের সেরা একাদশে ঠিকই আছেন সাকিব। যেখানে ওপেনার হিসেবে আছেন জেসন রয় ও রোহিত শর্মা। তিনে কেইন উইলিয়ামসন। চার ও পাঁচে যথাক্রমে জো রুট ও সাকিব আল হাসান। এরপর ফাইনালের ম্যাচ সেরা বেন স্টোকসের।
উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। আর দলের চার পেসার হলেন, মিচেল স্টার্ক, জোফরা আর্চার, লোকি ফার্গুসন ও জাসপ্রিত বুমরাহ। এই প্রথমবারের মতো বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন কোনো বাংলাদেশি ক্রিকেটার।